ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় টাকার নোট নিয়ে প্রচারণা চালানোর বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। আসল নোটের মতো কাগজ তৈরি করা, প্রচার কার্যক্রমে ব্যবহার করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও চিত্র ও ছবি দেখা যাচ্ছে, যেখানে আসল নোটের ডিজাইন ও আকারের মতো, কখনো আসল নোটের তুলনায় বড় আকারের নমুনা নোট ব্যবহার করে নিজস্ব প্রচারণা চালানো বা কন্টেন্ট তৈরি করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক আরও বলছে, বাজারে বা উন্মুক্ত স্থানে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রচারণা পরিচালনার ঘটনাও লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে এবং এটি সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আসল নোটের মতো কাগজ তৈরি, প্রচার কার্যক্রমে ব্যবহার বা ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০–এর ধারা ৪৮৯(৬) অনুযায়ী কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এমন নথি, কাগজ বা বস্তু প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করে এবং সেগুলো যদি প্রচলনে থাকা ব্যাংক নোটের মতো হয় এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা গুজবমূলক তথ্য প্রচারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইনের ধারা ২৫ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলেও মনে করে বাংলাদেশ ব্যাংক। আর তাই জনসাধারণকে জাল নোট প্রচলন প্রতিরোধে অধিক সতর্কতা অবলম্বনের পাশাপাশি এমন বিভ্রান্তিকর তথ্য বা কন্টেন্ট তৈরি এবং অননুমোদিত কর্মকাণ্ড পরিচালনা ও প্রচারণা থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করছে বাংলাদেশ ব্যাংক।
