নরসিংদীর মনোহরদীতে পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে উপজেলার ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে উপজেলার তারাকান্দী উচ্চ বিদ্যালয়, নোয়াকান্দী হাজী আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয় ও অর্জুনচর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের সদস্য সচিব ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক সুরুজ মিয়া, সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চুসহ বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী, এ্যাবের নেতাকর্মীরা অংশ নেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
