নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৭ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডগুলোর সর্বোচ্চ সমন্বয়কারী সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সংস্থাটি।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড-সংলগ্ন শান্তিধারা এলাকার মাদ্রাসাটির পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ঘন ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন অনেকে। তবে এ ঘটনায় কেউ আগুনে দগ্ধ হননি।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মফিদুল ইসলাম জানান, হঠাৎ শব্দ শুনে লাইব্রেরিতে গিয়ে আগুন দেখতে পান তিনি। এ সময় শিক্ষার্থীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানোর পর তাদের চিকিৎসার বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে কাঁচপুর মডার্ন ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
ধোঁয়ায় অসুস্থ ৭৭ শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আল-হাইআতুল উলয়া দেশের সব আবাসিক কওমি মাদ্রাসার বৈদ্যুতিক সংযোগ, অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও জরুরি বহির্গমন পথ পরীক্ষা করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।
এ ছাড়া উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় দেশের কওমি মাদ্রাসাসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছে আল-হাইআতুল উলয়া।
সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন সংস্থাটির অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।
