দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার জোর দিচ্ছে কারণ বিনিয়োগ না হলে কর্মসংস্থান তৈরি সম্ভব নয়। আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রী বলেন, দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানোর বিকল্প নেই। এর মাধ্যমেই বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। দেশে কর্মসংস্থান বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও মন্তব্য করেন তিনি।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে বিকেল ৩টায় মন্ত্রী বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পার্শ্বে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে যান। পরে পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪.২১৯০ একর এবং ২.৭ একর জমি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে জানান।
এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয় এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
