পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি নেতা ও ‘শুভেচ্ছা গ্রুপ’-এর চেয়ারম্যান গোলাম সারোয়ারের ব্যক্তিগত উদ্যোগে নাটোর সদর উপজেলার একডালা এলাকায় ১৪০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার হিসেবে ঈদ সামগ্রী পেয়ে উপস্থিত উপকারভোগীদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।
আজ বুধবার (২৭ মে) দুপুরে নাটোর সদর উপজেলার একডালা এলাকায় গোলাম সারোয়ারের নিজ বাসভবন প্রাঙ্গণে এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সম্পূর্ণ সামাজিক দূরত্ব ও শৃঙ্খলার মধ্য দিয়ে এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের হাতে এসব ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রী বিতরণকালে তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম সারওয়ার তাঁর বক্তব্যে বলেন,
“ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দের প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায় যখন আমরা আমাদের আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত প্রতিবেশীদের মুখে হাসি ফোটাতে পারি। রাজনৈতিক দায়বদ্ধতা তো আছেই, তবে তার চেয়ে বড় বিষয় হলো সামাজিক ও মানবিক দায়িত্ব। দেশের এই অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমি সব সময় নাটোরের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। শুভেচ্ছা গ্রুপের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, নাটোরের জনমানুষের নেতা রুহুল কুদ্দুস তালুকদার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশরাফুল ইসলামসহ তেবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপহার নিতে আসা স্থানীয় কয়েকজন উপকারভোগী জানান, ঈদের আগে এই উপহার পেয়ে তাদের সংসার ও ঈদ উদযাপনে অনেক বড় সাহায্য হলো। তারা গোলাম সারোয়ারের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ সমাজের বিত্তবানদেরও এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
