চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম বন্দরে সর্বাত্মক ধর্মঘট শুরু হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকাল আটটা থেকে শুরু হয় এই কর্মসূচি। কর্মসূচি সফল করতে মাঠে আছেন নেতা কর্মীরা। আজ প্রথম দিনের কর্মসূচি চলবে বিকেল চারটা পর্যন্ত।
একই দাবিতে রবিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সব ধরনের অপারেশন্যাল কার্যক্রম বন্ধ থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিক দলের নেতারা। তাদের এই কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন দিয়েছে স্কপ। এই দাবিতে স্কপ আগামীকাল রবিবার চট্টগ্রাম বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল ও সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অফিস চলাকালে মিছিল, মহড়া ও আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে হস্তান্তরের উদ্যোগ এবং আদালতের রায়ের প্রতিবাদে বিক্ষোভ করছেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা।
