নির্বাচনের পর আগের পেশায় ফিরবেন প্রধান উপদেষ্টা!

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন পরবর্তী সময়ে তার পূর্ববর্তী পেশাগত ভূমিকায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রয়াত খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ ইচ্ছার কথা জানিয়েছেন। 

প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে অর্থনীতির অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার টেকসই উন্নয়নের ‘থ্রি জিরো তত্ত্ব’ বাস্তবায়নের জন্য কাজ করবেন বলে প্রধান উপদেষ্টার দপ্তরের এক কর্মকর্তা জানান। দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা এই তত্ত্বের মূল লক্ষ্য।

উল্লেখ্য, চব্বিশের আন্দোলনের পর ছাত্রদের আহ্বানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। 

প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে তিনি ‘থ্রি জিরো’ নিয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও সেমিনারে বক্তৃতা করতেন।

‘থ্রি জিরো তত্ত্ব’ নিয়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে পরিচিতিও পেয়েছেন।

এটি তিনটি লক্ষ্য অর্জনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেগুলো হচ্ছে- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ। এটি অর্জনে তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবসার প্রয়োজন বলে তার বক্তৃতায় বিভিন্ন সময় তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন