নির্বাচনে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি ১০ নির্দেশনা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

নির্বাচনের সময়ে ১০টি জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নির্দেশনা পালন করতে হবে আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। গত ২৫ জানুয়ারি এক অফিস আদেশে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমুহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এই নির্দেশনা দেন।

দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল/বিশেষায়িত হাসপাতাল পরিচালক, বিভাগীয় পরিচালক, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, বাংলাদেশ বেসরকারি হাসপাতাল/ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি/সাধারণ সম্পাদককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনার মধ্যে রয়েছে- নির্বাচনকালীন সময়ের জন্য প্রত্যেক সিটি কর্পোরেশনে ৬টি, বিভাগীয় পর্যায়ে ৪টি, জেলা পর্যায়ে ৩টি, উপজেলা পর্যায়ে ২টি ও ইউনিয়ন পর্যায়ে ১টি মেডিকেল টিম গঠন করতে হবে; প্রতিষ্ঠান প্রধান/স্বাস্থ্য প্রশাসক জনবলের প্রাপ্যতা/প্রয়োজনীয়তার ভিত্তিতে মেডিকেল টিমের সদস্য নির্ধারণ করবেন; নির্বাচন উপলক্ষে জরুরি বিভাগে প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগ করবেন; সার্বক্ষনিক এ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে; প্রতিষ্ঠান প্রধান কর্মস্থলে উপস্থিত থাকবেন; প্রতিষ্ঠান প্রধান ছুটিতে থাকলে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব প্রদান করবেন এবং নাম, পদবী, মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করবেন।

সকল বেসরকারি হাসপাতাল/ক্লিনিক নির্দেশনা: চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করে জরুরি বিভাগ চালু থাকবে; কোনও রোগী রেফার করলে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে যথাযথ কাউন্সিলিং করে রেফার করবেন; অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে; সরকারি স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন এবং জরুরি প্রয়োজনে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের প্রয়োজনীয় লজিস্টিক, অ্যাম্বুলেন্স, জনবল দিয়ে সহযোগিতা করবেন; জরুরি পরিস্থিতির উদ্ভব হলে স্থানীয় সরকারি স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য সেবা দেবেন।

সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এবং বিভাগীয় কার্যালয় (স্বাস্থ্য), সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার কার্যালয় একটানা ৭২ ঘণ্টার বেশী বন্ধ থাকবে না। জরুরি বিভাগ, অন্তঃবিভাগ, ল্যাব, ক্যাথল্যাব, ডায়ালাইসিস সেন্টার, সিটি স্ক্যান, এমআরআই সেন্টার যথারীতি খোলা থাকবে; বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় এবং সিভিল সার্জন অফিসে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর