নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মারপিটে লাইনম্যান আহত, পল্লী বিদ্যুতের গাড়ি ভাঙচুর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১১:৫৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা চালিয়ে মারপিট ও ভাঙচুর করেছে জাহাঙ্গীর আলম নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় অবরুদ্ধ ওই কর্মকর্তা ও আহত লাইনম্যানদের উদ্ধার করা হয়।

বুধবার (১০ জুন) বিকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের কর্মকর্তা ও লাইনম্যানদের সঙ্গে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জাহাঙ্গীর নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

মাওনা জোনাল অফিসের ইঞ্জিনিয়ার সজীব আহমেদ বলেন, গোদারচালা এলাকায় ইকবাল মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলমের নামে এমসি বাজার এলাকায় একটি ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ সংযোগ বকেয়া থাকার কারণে গত প্রায় দুই বছর আগে বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন লাইনের সরঞ্জামাদি খুলে আনার জন্য একাধিকবার গেলেও জাহাঙ্গীরের বাধার কারণে তা খুলে আনা সম্ভব হয়নি।

বুধবার বিকালে মাওনা জোনাল অফিসের এজিএম আতিকুর রহমানসহ আমরা ওই সরঞ্জামাদি খুলে আনতে গেলে জাহাঙ্গীর তার সাঙ্গোপাঙ্গ নিয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা চালিয়ে গাড়ি এবং খুলে আনা সরঞ্জামাদি ভেঙে ফেলে। এ সময় লাইনম্যান তাহেরুল ইসলাম (৩২) গ্রেড-১ আহত হন।

মাওনা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী শান্তনু রায় জানান, নিয়মমাফিক সংযোগ বিচ্ছিন্ন লাইনের সরঞ্জামাদি খুলে আনতে গেলে আমাদের এজিএম ইঞ্জিনিয়ার এবং চারজন লাইনম্যানকে হেনস্তাসহ গাড়ি ও সরঞ্জামাদি ভাঙচুর করা হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও অন্য কর্মকর্তাদের মাধ্যমে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রীপুর থানার ওসি মো. শাহিনুর আলম জানান, খবর পেয়ে পুলিশের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর