নিষিদ্ধ দলের তৎপরতা নিয়ে আইজিপির কড়া বার্তা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, আইজিপি বাহারুল আলম চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, যেকোনও মূল্যে স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে, দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আজ রবিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশের সকল ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় আইজিপি মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, যেকোনও মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন