পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ০১:৩১ পিএম

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। আজ বুধবার (৪ মার্চ) সকালে তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগে ভারতে তিন দিনের বৈঠক শেষে গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান পল কাপুর।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে কোনো উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার এটিই প্রথম সফর। জানা যায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন। এ সফরে তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

সন্ধ্যায় তিনিআমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন এবং একটি নৈশভোজে অংশ নেবেন।

পরে আগামীকাল বৃহস্পতিবার তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দিনের শেষভাগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন