পাম্প ঘুরেও তেল পেলেন না জামায়াতের ২ এমপি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৮ পিএম

জাতীয় সংসদে পেট্রোল পাম্প ঘুরেও নিজের গাড়ির জন্য তেল না পাওয়ার অভিযোগ করেছেন কুড়িগ্রাম-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। তার এ অভিযোগ সমর্থন করেছেন দলটির আরেক সংসদ সদস্য।

তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদে দাঁড়িয়ে দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই; অতিরিক্ত মজুত প্রবণতার কারণেই এই কৃত্রিম চাপ সৃষ্টি হয়েছে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে এমপি আনোয়ারুল ইসলাম তেল না পাওয়ার এই অভিযোগ তোলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানও অধিবেশনে উপস্থিত ছিলেন।

বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজকে যদিও তেল নিয়ে কথা উঠেছে (সংকট নেই বলে জানানো হয়েছে), তবে আজকে আমি নিজেও কয়েকটি পাম্পে ঘুরে আমার গাড়িতে তেল পাইনি।’

তার এ বক্তব্যকে সমর্থন জানান সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। তিনি বলেন, তার এলাকার পেট্রোল পাম্পগুলোতেও পেট্রল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তবে চালকরা বাইরে থেকে বোতলে করে ঠিকই মোটরসাইকেলের তেল কিনছেন।

তবে একই দিন সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জোর দিয়ে বলেন, দেশে সম্ভাব্য চাহিদার চেয়েও সরকারের বেশি প্রস্তুতি ও মজুত রয়েছে।

মন্ত্রী বলেন, ফিলিং স্টেশনগুলোতে পেট্রল বা অকটেনের জন্য দীর্ঘ লাইনের যে চিত্র দেখা যাচ্ছে, তা জ্বালানির প্রকৃত সংকটের প্রতিফলন নয়; বরং অতিরিক্ত ক্রয় ও মজুত প্রবণতার কারণে সৃষ্ট একটি কৃত্রিম চাপ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর