বাংলাদেশের জন্য শ্রম ভিসা পুনরায় চালু করা এবং ব্যবসা ও ট্রানজিট ভিসা সহজ করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) অনুরোধ জানিয়েছে সরকার। ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি মঙ্গলবার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অনুরোধ জানান।
ইউএই রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক গভীরতর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়। আলোচনায় ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা ত্বরান্বিত করা এবং বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো এবং পিপিপি প্রকল্পে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতির অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত এবং অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির ওপর জোর দেন। তিনি প্রায় ১২ লাখ প্রবাসী বাংলাদেশিকে কাজের সুযোগ দেওয়ার জন্য ইউএই সরকারের প্রশংসা করেন।
রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোগুলো কাজে লাগাতে নিয়মিত বৈঠক অনুষ্ঠান, দুই দেশের পারস্পরিক সুবিধার সুযোগ চিহ্নিত করা ও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন।
