দিনাজপুর শহরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় দুইজনকে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, দিনাজপুর কোতোয়ালি থানার দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে হারুন (৫৫) এবং ষষ্ঠীতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)। হারুন পিকআপচালক এবং রতন একটি পিকআপ গ্যারেজে কাজ করেন।
ট্রাফিক পুলিশ জানায়, লিলির মোড় থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে করে বালুবাড়ির দিকে যাচ্ছিলেন হারুন ও রতন। হাসপাতাল মোড়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট রুপক কুমার তাদের থামার সংকেত দেন। তবে তারা সংকেত উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।
আটকের পর মোটরসাইকেলে থাকা লাল রঙের একটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শুটার ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযানে ট্রাফিক কনস্টেবল শাহনেওয়াজ ও মেহেদী হাসান অংশ নেন। পরে টিআই অমৃত সরকারের উপস্থিতিতে আটক দুজনকে অস্ত্র ও গুলিসহ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) রাহিনুর ইসলাম খান বলেন, ‘রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি থামিয়ে যাচাই-বাছাইয়ের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।’
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার বলেন, পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএমের নির্দেশনায় চলমান চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। আটক দুজনকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, আটক হারুনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
