বাংলাদেশ পুলিশে বড় ধরনের জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। পুলিশের সাংগঠনিক কাঠামোতে নতুন করে ৪ হাজার এসআই (সাব-ইন্সপেক্টর, নিরস্ত্র) পদ সৃজনের প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্যে মঙ্গলবার (১০ মার্চ) বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ফরিদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (ভবন-৮, কক্ষ-২০৮) এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় ৪ হাজার এসআই (গ্রেড-১০) পদ সৃজনের প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই সালাহউদ্দিন আহমদ পুলিশের সব পর্যায়ে জনবল সংকটের বিষয়টি সামনে আনেন। গত ২৩ ফেব্রুয়ারি অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি দ্রুত শূন্য পদ পূরণের তাগিদ দেন।
এরপর পুলিশের দুটি গুরুত্বপূর্ণ পদ সার্জেন্ট ও কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সম্প্রতি এই দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে গত ৮ মার্চ থেকে সার্জেন্ট পদের আবেদন শুরু হয়। চলবে ২ এপ্রিল পর্যন্ত চলবে।
