ময়মনসিংহের গৌরীপুরে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রল গায়েব করা উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হককে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ময়মনসিংহ উত্তর জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনের মালিক গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব হাফেজ মো. আজিজুল হক।
তার ফিলিং স্টেশনে বিপুল পরিমাণ পেট্রলসহ অন্যান্য জ্বালানি মজুদ থাকলেও বিতরণ বা বিক্রি না করে বেশ কয়েক দিন ধরে ‘তেল নেই’ লিখে সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়।
এর মধ্যে গোপনে গভীর রাতে বিক্রি অব্যাহত রাখলে স্থানীয় জনতা টের পেয়ে প্রশাসনকে বিষয়টি জানায়। পরে গত মঙ্গলবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ তথ্য উঠে আসে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির।
তিনি কাগজপত্র ঘেঁটে দেখতে পান ১ এপ্রিল, ২ এপ্রিল ও ৪ এপ্রিল ভৈরব বাজার ডিপো কিশোরগঞ্জ থেকে ১৩ হাজার ৫০০ লিটার করে মোট ৪০ হাজার ৫০০ লিটার ও ৬ ও ৭ এপ্রিল আর ১৮ হাজার লিটার মোট ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রল মজুদ করা হয়।
কিন্তু ওই পরিমাণের পেট্রল আছে কি না ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতের (৩০) কাছে জানতে চাইলে তিনি ৯ হাজার লিটার মজুদের কথা স্বীকার করেন। বাকি পেট্রল কোথায় আছে তিনি বলতে অপারগতা প্রকাশ করেন। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত ব্যাপক দুর্নীতি হয়েছে, এমন সত্যতা পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যান।
পরে তার বিরুদ্ধে মঙ্গলবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আফসারুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।মামলার পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আজ বুধবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনা চলা অবস্থাতেই বিএনপির ওই নেতাকে বহিষ্কার করে বিএনপি।
এর আগে মঙ্গলবার রাতে বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রল গায়েব, ম্যানেজার আটক শিরোনামে এবং আজ বুধবার সকালে বিএনপি নেতার মুখে নীতিবাক্য, নিজের পাম্পেই গায়েব ৫০ হাজার লিটার তেল শিরোনামে কালের কণ্ঠে সংবাদ প্রকাশ করা হয়।
