পোলিং এজেন্টসহ ৩ জনের কারাদণ্ড

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ জুন ২০২৪, ০৩:৫৯ পিএম

ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সময় অবৈধভাবে মোবাইল ফোন রাখা দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং এজেন্টসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জুন) একাধিক ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে তাদের এই দণ্ড দেয়া হয়।

জানা যায়, উপজেলার ছতুরপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তার পক্ষ থেকে নিষেধ করার পরও মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে পোলিং এজেন্ট হারুন মিয়া (২৪) ও শাহানা বেগমকে (৫২) আটক করে পুলিশ। এ সময় দুজনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এছাড়া একই উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে কাউসার মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে ভোটার না হওয়া সত্ত্বেও প্রবেশের দায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এদিকে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর