প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানালেন সারজিস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ এএম

প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরকে শুভেচ্ছা জানালেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছেন সারজিস আলম।

এ সময় সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘পঞ্চগড়-১ আসনে আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে এসেছি।

আমি মনে করছি, আমাদের জায়গা থেকে রেসপেক্ট এবং সৎ সাহস থাকা উচিত। আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তিনি যদি এক ভোটেও এগিয়ে থাকেন, আমাদের ওইটুকু রেসপেক্ট তাকে দেখানো উচিত। সেই জায়গা থেকে আমি নিজে থেকে এসেছি, উনার খুশির সময়ে পাশে থাকতে।’

তিনি আরো বলেন, ‘আমরা এই বার্তা দিতে চাই যে এনসিপি সব ভালো জায়গা থেকে তাকে সহযোগিতা করবে, ইনশাআল্লাহ।

আমরা এটাও প্রত্যাশা করি, এই সময়ে যেকোনো বিষয়ের ক্ষেত্রে আমাদের দলও যেকোনো যৌক্তিক বিষয়ে সর্বক্ষেত্রে সেই সহযোগিতাটুকু পাবে।’
সারজিস আলম বলেন, ‘আমাদের পঞ্চগড় অনেক পিছিয়ে থাকা জেলা। আমরা যদি আমাদের পলিটিক্যাল সম্পর্কের জায়গা থেকে আরো সুন্দর করতে পারি, আমাদের পঞ্চগড়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি অনেক বেশি সাহায্য করবে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর