প্রথম কার্যদিবসে সচিবালয়ে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ দপ্তর মন্ত্রিপরিষদ বিভাগে বিকালে দপ্তরিক কার্যক্রমের অংশ হিসেবে এই বৈঠক শুরু করবেন তিনি। প্রথমে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক। পরে সকল মন্ত্রণালয়-বিভাগের সচিবদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসবতথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘বুধবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন। পরে সচিবদের সঙ্গে বৈঠক করবেন।’
কর্মকর্তারা জানান, ‘এখন পর্যন্ত যে শিডিউল আমরা পেয়েছি তাতে প্রধানমন্ত্রী দুপুরে সচিবালয়ে আসবেন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।’
নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সরাসরি সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি তার প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। বিকালে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটিই হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক।
নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সরাসরি সচিবালয়ে পৌঁছাবেন। দিনের কোনো একসময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীও শপথ নিয়েছেন।
এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২১২ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা ৩টি আসন পায়। বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতি বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
