প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ সম্পূর্ণ পারিবারিক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যমুনায় তারেক রহমানের পরিবার নিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ পারিবারিক ছিল। অনেকে বলছেন ডিনার হয়েছে। এটা ডাহা মিথ্যা। এটি ছিল পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। এখানে আমাদের অফিসিয়াল কেউ ছিলেন না।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে আখাউড়ার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) এর মাজার শরীফ জিয়ারত শেষে তিনি একথা বলেন।

শফিকুল আলম বলেন, আমরা সংস্কারের পক্ষে, দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর দৈত্য দানব না হয় সেজন্য ‘হ্যাঁ’ দিতে বলছি। চুরি চামারি বন্ধ করতে হলে হ্যাঁ ভোটের পক্ষ নিতে হবে। কারণ বিগত সরকার ব্যাংকের টাকা চুরি-চামারি করে চেটে চেুটে খেয়ে গেছে। এখন এটার দায়িত্ব এসে পড়েছে বর্তমান সরকারের ওপর।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন খুব ভালোভাবে হবে। গতকালও কেবিনেট মিটিংয়ে এ নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে কি ধরনের প্রস্তুতি আছে। এবার ফ্রি, ফেয়ার, পিসফুল উৎসবমুখর নির্বাচন হবে। যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটা করা হয়েছে।

ভোট নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার আশঙ্কার বিষয়টি তিনি উড়িয়ে দেন। শফিকুল আলম বলেন, রুমিন ফারহানার আশঙ্কা অমূলক। আমরা আমাদের কাজ দিয়েই তা প্রমাণ করব। এই সরকারের কারো প্রতি কোনও পক্ষপাতিত্ব নেই।

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন