প্রধান বিচারপতির সংবর্ধনা ৪ জানুয়ারি, ফেসবুক ব্যবহার নিয়ে কঠোর হুঁশিয়ারি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ জানুয়ারি ২০২৬, ০১:১০ পিএম

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে আগামী ৪ জানুয়ারি সংবর্ধনা দেওয়া হবে।  এদিকে কর্মঘণ্টায় বিচারকদের ফেসবুক ব্যবহার নিয়ে প্রধান বিচারপতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আদালতের কর্মঘণ্টার মধ্যে সামাজিকমাধ্যম ব্যবহার করার কোনো সুযোগ নেই। যদি কোনো বিচারক সেটা করেন এবং তার প্রমাণ পাওয়া যায় তাহলে সেদিনই হবে তার বিচারিক জীবনের শেষ দিন বলে হুঁশিয়ারি দেন তিনি।

সম্প্রতি সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই অভিভাষণ অনুষ্ঠানে দেশের সব বিচারকদের উদ্দেশে দেয়া অভিভাষণে প্রধান বিচারপতি এই কঠোর হুঁশিয়ারি দেন। প্রধান বিচারপতি আদালতের পরিবেশ, দ্রুততম সময়ে মামলায় আদেশ ও রায় প্রদান করা, সততা বজায় রাখা, বহিরাগতদের কোর্টে প্রবেশ নিষিদ্ধে বিচারকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

অভিভাষণে প্রধান বিচারপতি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে। বিচারকের আসনে বসে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে আশ্রয়-প্রশয় দেওয়ার সুযোগ নেই। যদি কোনো বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে চড়া মূল্য দিতে হবে।

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেল অফিসের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত থাকবেন। এর আগে রোববার (২৮ ডিসেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথবাক্য পাঠ করান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর