প্রশাসন-পুলিশে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্রে জড়িত: হুইপ দুলু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

প্রশাসন ও পুলিশে অবস্থানরত ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, আজকে আওয়ামী দোসররা বিভিন্ন জায়গায় মাথা লুকিয়ে, কেউ বিএনপি সেজে, কেউবা বিএনপির মন্ত্রী-এমপির আত্মীয়স্বজন সেজে স্বপদে বহাল রয়েছে। তারা নানা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রয়েছে। এসব দোসরদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো অত্যন্ত জরুরি। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গুপ্ত ফ্যাসিস্টমুক্ত প্রশাসন ও সারাদেশে সার সংকট সৃষ্টিকারী ফ্যাসিস্টমুক্ত সার সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার’ দাবিতে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সংসদের হুইপ এসব কথা বলেন। আয়োজন করে ‘ফ্যাসিস্ট হটাও দেশ বাঁচাও পরিষদ’। 

হুইপ দুলু বলেন, পৃথিবীর ইতিহাসে পরাজিত কোনো ফ্যাসিস্ট বা স্বৈরশাসক আর কোনোদিন ক্ষমতায় আসতে পারেনি। জার্মানির হিটলার ও তার দল সেদেশে আর রাজনীতিতে ফিরতে পারেন। বাংলাদেশের ২০ কোটি যাদের প্রত্যাখ্যান করেছে, ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামিয়েছে, তাদের আর কোনোদিন রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। 

স্বৈরাচার এরশাদ শাসনামলের প্রসঙ্গে টেনে তিনি বলেন, এরশাদ ৯ বছর ক্ষমতায় ছিলেন। কিন্তু পরে সে বা তার দল আরও কখনো ক্ষমতায় আসতে পারেনি। যারা জনগণের আন্দোলন ক্ষমতাচ্যুত হয়েছে তারা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারেনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে জামায়াত, এনসিপিসহ দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, কেউ যদি মনে করে হাইকোর্টের সামনে ককটেল ফুটিয়ে, কেউ যদি মনে করে পল্টন মোড়ে বাসে আগুন দিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা যাবে না। জনগণ ভোট দিয়ে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপির জায়গা আরেকটা দল ক্ষমতায় আসবে কিন্তু ফ্যাসিস্টদের ফিরে আসার সুযোগ নেই।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতা ও শ্রমিকদের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র ফিরে পেয়েছি আমরা। কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। তাই ফ্যাসিস্টরা যেন আর সুযোগ না নিতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। 

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জাতীয় সংসদের হুইপ বলেন, শেখ হাসিনা, তার পরিবার ও দলীয় লোকজন দেশের সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে। আজকে সেই লুটের টাকা দিয়ে সারাদেশে বোমা ফোটাচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র বিরুদ্ধে দলমত নির্বিশেষে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মোকাবিলা করতে হবে।  
বিএনপি সরকার মাত্র আট মাস ক্ষমতায় এসেছে উল্লেখ করে দুলু বলেন, সরকারের হাতে এখনো চার বছরের বেশি সময় রয়েছে। তাই দেশের সার্বিক পরিবর্তন ও অর্থনীতি পুনর্গঠনে সরকারকে সময় দিতে হবে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন