প্রশ্ন ফাঁস, ডিভাইসের মাধ্যমে জালিয়াতিসহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন পরীক্ষার্থীরা। রবিবার (১১ জানুয়ারি) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
প্রশ্ন ফাঁস ও জালিয়াতি প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, যেসব অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এছাড়া পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যে সব প্রশ্ন উদ্ধার করা হয়েছিল, সেগুলোর সঙ্গে আমাদের প্রশ্নের কোনো মিল ছিল না। তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না।
পরীক্ষা বাতিল প্রসঙ্গে তিনি দেশ রূপান্তরকে বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকলের চেষ্টা হয়েছে। অনেক জায়গায় মামলা হয়েছে, অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীরা আমাদের কাছে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে।
