প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিল বিএনপি নেতা গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ এএম

সাবেক ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাতে গ্রেপ্তারের পর শনিবার (১০ অক্টোবর) আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার রাতে উপজেলার রেজ্জাকপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে চাটখিল থানা-পুলিশ।

চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. হোসেন তানভীর অভিযোগ করেন, আবু তাহের আজাদ ও চাটখিলের বাসিন্দা অস্ট্রেলিয়াপ্রবাসী মো. কাজী পারভেজ দীর্ঘদিন ধরে তার সঙ্গে শত্রুতা পোষণ করে আসছেন। পারভেজের প্ররোচনায় আবু তাহের আজাদ তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি ফেসবুক ও মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

তানভীর বলেন, এসব হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। পরে বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি চাটখিল থানা-পুলিশকে ধন্যবাদ জানান।

ছাত্রদলের সাবেক আরেক নেতা আহসান হাবিব আবু তাহের আজাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ এবং সালিশের নামে সাধারণ মানুষকে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন।

আহসান হাবিবের দাবি, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আবু তাহের আজাদ রেজ্জাকপুর ওয়ার্ডে দলের সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। নলকূপ, বাথরুম ও পুকুরের গাইডওয়াল নির্মাণের মতো সরকারি সুবিধা এনে দেওয়ার কথা বলে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা নেওয়া এবং সালিশের নামে হয়রানি করার অভিযোগও করেন তিনি।

আবু তাহের আজাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আহসান হাবিব বলেন, তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে চাটখিল উপজেলা বিএনপির নীতিনির্ধারকদের দ্রুত কঠোর দলীয় ব্যবস্থা নেওয়া উচিত।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, মুঠোফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগে আবু তাহের আজাদের বিরুদ্ধে থানায় জিডি ছিল। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর