ফেনীতে কিশোর অপরাধ দমনে অভিযান, আটক ১০৬

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

ফেনীতে কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযানে ১০৬ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে ১০৬ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে মুচলেকা দিয়ে ৩০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। পাঁচজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়াও দাগনভূঞা উপজেলায় অভিযান চালিয়ে চারজন কিশোর গ্যাং আটক করা হয়। একইভাবে সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করা হয়। এদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান ছষচালিয়ে ২৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরদিকে ফুলগাজী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরশুরাম উপজেলায়ও অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক আইনের চোখে সবাই সমান।  আটকদের মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে আইন অমান্য করা হলে আর ছাড় দেয়া হবেনা।

ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ফেনীকে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনিতে রাখা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জেলাব্যাপী অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। কিশোর গ্যাং নামের কোনো শব্দ ফেনীতে থাকতে দেওয়া হবে না।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর