ফেব্রুয়ারির প্রথমার্ধে মিলবে দুই দফায় ৮ দিনের ছুটি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

পবিত্র শবেবরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই দুই দফায় মোট ৮ দিনের ছুটি কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছে। 

ক্যালেন্ডারের হিসাব ও সরকারি ঘোষণা অনুযায়ী, সামান্য কৌশলী হলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই বড় দুটি ছুটি উপভোগ করতে পারবেন কর্মচারীরা।

মাসটির শুরুতেই টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা। ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। সে উপলক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

এ অবস্থায় কেবল এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটানো যাবে। কেননা এর পরের দুই দিন ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ৭ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি। সুতরাং মাত্র এক দিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন।

এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরের দুদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ এখানে মিলছে চার দিনের ছুটি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন