ফের পুলিশের জন্য আসছে নতুন পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটিয়ে আবারও নতুন রঙের সমন্বয়ে পোশাক নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের সদস্যদের পছন্দ এবং বাহিনীর ঐতিহ্যের কথা বিবেচনা করে ইউনিফর্মে গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙ ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা থেকে এই পরিবর্তনের সপক্ষে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

পরিবর্তিত নতুন প্রস্তাবনা অনুযায়ী, দেশের সকল মেট্রোপলিটন পুলিশের শার্টের রঙ হবে হালকা অলিভ বা জলপাই। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব বাদে পুলিশের অন্যান্য সকল ইউনিটের জন্য শার্টের রঙ নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল। তবে উভয় ক্ষেত্রেই প্যান্টের রঙ হবে খাকি (টিসি টুইল)। এই নতুন রূপরেখা কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইনি বিধিমালা সংশোধনের খসড়া ইতিমধ্যই চূড়ান্ত করা হয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নতুন পোশাকের কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। মূলত বাহিনীর সদস্যদের সন্তুষ্টি এবং পেশাগত গাম্ভীর্য বজায় রাখতেই এই রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর