ফেসবুকে আগাম প্রচারণা: পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থী তুহিনকে শোকজ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম প্রচারণা চালানোর অভিযোগে পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনের বিএনপির প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং পাবনার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এই নোটিশ প্রদান করেন।

নোটিশে উল্লেখ করা হয়, হাসান জাফির তুহিনের পক্ষে ‘লিখন সরকার’ নামের একটি ফেসবুক আইডিসহ একাধিক আইডি থেকে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে স্লোগান, স্থিরচিত্র ও ভিডিও প্রচার করা হচ্ছে— যা কমিটির নজরে এসেছে। জাতীয় সংসদ নির্বাচনের ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ বিধি অনুযায়ী, ভোটের নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগে কোনো প্রার্থী প্রচারণা শুরু করতে পারবেন না। ফলে এই অনলাইন প্রচারণা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে।

কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশের বিষয়ে জানতে হাসান জাফির তুহিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে তার পক্ষে কৃষকদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া ম্যানেজার শামসুর রহমান শাসম জানান, বিষয়টি হাসান জাফির তুহিন অবগত রয়েছেন। তিনি তার কর্মী-সমর্থকদের নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছেন। প্রচারণাটিকে একটি ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি জানান, নির্ধারিত সময়ে কমিটির কাছে যথাযথ ব্যাখ্যা প্রদান করা হবে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন