ফ্যামিলি কার্ডের ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ বা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জে ডা. এম জাহিদ হোসেন। তিনি এই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর-এই চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অনেকে। সেটাকে প্রতিরোধ ও কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে আমাদের কাজ করতে হবে।

তিনি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, মানুষকে আশ্বস্ত করতে হবে। তাদের বিভ্রান্ত হতে দেওয়া যাবে না। কারণ এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প।

আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, এটি যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদের কাউকে স্পর্শ না করে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

এ সময় তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বর্তমান সরকার ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবেন না বলেও তিনি আশা প্রকাশ করেন।

 

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর