বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৬:১০ পিএম

ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতন, ভাতা ও অন্যান্য পাওনার দাবিতে মানববন্ধন করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা।

সোমবার (১৮ মে) সকালে আশুলিয়ার গণকবাড়ী এলাকার ডিইপিজেড সংলগ্ন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে অংশ নেন এভার স্পোর্টিং লিমিটেড, সাউথ চায়না লিমিটেড, গোল্ডস্টার গার্মেন্টস লিমিটেড ও গোল্ডস্টার টেক্সটাইল লিমিটেডের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা।

মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে এক নোটিশের মাধ্যমে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়। পরে ১ নভেম্বর ২০২৫ তারিখে আরেকটি নোটিশ দিয়ে ২০১৯ সালের ১৯ ধারার মোতাবেক সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে চাকরি থেকে ছাঁটাই ঘোষণা করা হয়। নোটিশে ৯ ধারার মোতাবেক সকল পাওনা পরিশোধের কথা উল্লেখ থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কোনো পাওনা পরিশোধ করা হয়নি বলে দাবি করেন তারা।

এ সময় শ্রমিকরা জানান, ডিইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করেও তারা কোনো সমাধান পাননি। তাই দ্রুত বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকরা দ্রুত তাদের ন্যায্য পাওনা পরিশোধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন