ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে আগামী ১২০ ঘণ্টার (৫ দিনের) জন্য পরবর্তী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় এই লঘুচাপটি তৈরি হয়েছে। এর পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এদিকে আজ মঙ্গলবার আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবারে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রাতের তাপমাত্রা পুনরায় সামান্য বাড়তে শুরু করবে। যদিও দিনের তাপমাত্রা তখন স্থিতিশীল থাকতে পারে। আগামী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নাগাদ রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় রাত এবং দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
