বনশ্রীতে স্কুলছাত্রী খুন: রেস্তোরাঁ কর্মী গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ফাতেমা আক্তার নামে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন রেস্তোরাঁ কর্মী মিলনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১২ জানুয়ারি) সকালে র‌্যাব সদর দপ্তর থেকে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে মিলনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত সে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন।

সিসি ক্যামেরার ফুটেজে ওই বাসায় তাদের রেস্তোরাঁর কর্মী মিলনকে ঢুকতে দেখা গেছে। পুলিশ জানায়, বাসায় লুটপাট করার চেষ্টা কালে হয়তো মেয়েটি বাধা দেয়। একপর্যায়ে তাকে গলা কেটে হত্যা করা হয়।

খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। মেয়েটির বাবার রেস্তোরাঁর একজন কর্মী ঘটনার পর থেকে সে গা ঢাকা দেন। মরদেহের ময়নাতদন্ত হয়েছে। ধর্ষণের আলামত রয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর