বর্তমানে বিদ্যুতের কোনও ঘাটতি নেই: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম

চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনও ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, শ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ ও ঝড়-বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিদ্যুৎ বিভ্রাট ঘটে ও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।

আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে ঢাকা আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

এস এম জাহাঙ্গীর হোসেন প্রশ্ন করেন- মাননীয় মন্ত্রী অনুগ্রহ করে বলবেন আমার নির্বাচনী এলাকা ঢাকা-১৮সহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং বন্ধে কোনও পরিকল্পনা আছে কিনা?

উত্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভাগ মনোনীত ভোক্তার স্থাপনায় জ্বালানি নিরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে, ময়মনসিংহ, ঘোড়াশাল এবং নারায়ণগঞ্জের ৭৪টি মনোনীত ভোক্তার স্থাপনায় জ্বালানি নিরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। শিল্প ও বাণিজ্যিক স্থাপনায় জ্বালানি নিরীক্ষা কার্যক্রম জোরদারের লক্ষ্যে সরকার ৪২ জন সনদপ্রাপ্ত জ্বালানি নিরীক্ষক এবং ১৭৮ জন সনদপ্রাপ্ত জ্বালানি ব্যবস্থাপক তৈরি করেছে। সনদপ্রাপ্ত জালানি নিরীক্ষক ও ব্যবস্থাপক তৈরির কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সকল বিদ্যুৎ ব্যবহারকারী জনগণের সচেতনতা বৃদ্ধিতে ব্যাপকভাবে প্রচারের জন্য লিফলেট বিতরণ, টিভি স্কুলিং ও গুরুত্বপূর্ণ স্থানে স্টিকার বসানো কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য পেপার-পত্রিকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ে বিদ্যুৎ বিভাগ গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে অতিরিক্ত আলোকসজ্জা পরিহার, ব্যবহার শেষে বিদ্যুতের সুইচ বন্ধ করা এবং লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখার জন্য স্টিকার ও লিফলেট প্রস্তুতপূর্বক বিতরণ করা হয়েছে। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধিতে ২টি টিভিসি প্রচার করা হয়েছে, উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মসজিদ, বাসাবাড়ি, দোকানপাট এবং সকল সরকারি অফিসে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। পিক আওয়ারে পানির পাম্প, ওভেন মেশিন, হিটার, ইস্ত্রির দোকান, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন ইত্যাদি বন্ধ রাখার বিষয়ে মাসিক গণশুনানীতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

এ ছাড়া পিক আওয়ারে মার্কেট/শপিং মলে অতিরিক্ত আলোক সজ্জা পরিহারের জন্য নিয়মিত ভিজিলেন্স টিম পরিচালনা করা হচ্ছে। পিক আওয়ারে পানির পাম্প/ওভেন/ওয়েল্ডিং মেশিন/ইস্ত্রি ইত্যাদি ব্যবহার হতে বিরত থাকার জন্য গ্রাহকগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর