বাংলাদেশের প্রতি সমর্থন জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ-এর মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (২৭ মার্চ) জাতিসংঘ সদর দপ্তর-এ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এ সমর্থনের কথা জানান।

বৈঠকে মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকা ও উদারতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

আলোচনায় সমসাময়িক বৈশ্বিক বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী চলমান তেল সংকট এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম প্রভাবের বিষয়টি তুলে ধরে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমান সুবিধাজনক সময়ে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণটি সাদরে গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্তের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।