বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন সন্দীপ চক্রবর্তী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জ্যেষ্ঠ কূটনীতিক সন্দীপ চক্রবর্তী। তিনি বর্তমানে ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্কে সম্প্রতি সৃষ্ট টানাপোড়েন কাটিয়ে ওঠার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৯৬ সালে ভারতীয় পররাষ্ট্রসেবায় (আইএফএস) যোগদানকারী সন্দীপ চক্রবর্তী এর আগে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত বছর থেকেই তাকে ঢাকায় গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক দায়িত্ব দেয়ার বিষয়ে ভাবা হচ্ছিল। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জাকার্তায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব সামলাচ্ছেন এবং সেখানে বাণিজ্য থেকে শুরু করে প্রতিরক্ষা-নানা খাতে ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা আরও কিছুদিন ঢাকায় দায়িত্বে থাকতে পারেন। ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার জয়ী হওয়ার পর প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এই সময়ের মধ্যেই নতুন হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়াটি চূড়ান্ত অনুমোদন ও আনুষ্ঠানিক সমঝোতার পর্যায়ে যাবে।

২০২২ সালের অক্টোবর থেকে বাংলাদেশে দায়িত্ব পালন করা প্রণয় ভার্মা কূটনৈতিক মহলে ‘ব্যাক-চ্যানেল’ যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট কূটনৈতিক জটিলতার সময় দুই দেশের মধ্যে যোগাযোগ রক্ষায় তিনি সক্রিয় ছিলেন। গত ১৮ মাসে তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বিস্তৃত ও নীরব কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। চলতি বছরের শেষ পর্যন্ত ঢাকায় দায়িত্বে থাকতে পারেন বর্তমান ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধেও।

সন্দীপ চক্রবর্তীর কূটনৈতিক অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। তিনি এর আগে পেরু ও বলিভিয়ায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া নিউইয়র্কে কনসাল জেনারেল এবং স্পেন ও কলম্বিয়ায় ভারতের মিশনেও কাজ করেছেন। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে তিনি পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নসংক্রান্ত বিভাগের যুগ্মসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের ইতিহাস কিছুটা জটিল হওয়ায় ঢাকায় নতুন হাইকমিশনারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত ও শক্তিশালী করতে তাকে সক্রিয় ও সচেতন ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন