বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইইউ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার। আমরা এই দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং সহায়তা প্রদানকারী। নতুন নির্বাচিত সরকারের জন্যও আমরা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশীদার। আজকের বৈঠক আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় আছি।
নতুন অধ্যায় বলতে কী বোঝানো হচ্ছে-এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, কোনো বিষয় আলোচনার বাইরে রাখার প্রয়োজন হয়নি। আমরা ইইউ ও বাংলাদেশের সম্পর্কের বিস্তৃত পরিসর নিয়ে কথা বলেছি। এছাড়া উন্নয়ন, মানবিক বিষয় এবং অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচিত হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ও বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে ইইউ বাজার থেকে।
