বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সই

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ পিএম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন চুক্তির আওতায় বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার কমে ১৯ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি তৈরি পোশাক খাতে রপ্তানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার এতে স্বাক্ষর করেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে বিদ্যমান উচ্চ শুল্কহার উল্লেখযোগ্যভাবে কমানো হলো। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে শুল্ক শূন্যে নামিয়ে আনা হয়েছে, যা রপ্তানি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চুক্তি স্বাক্ষরের আগে শুল্কহ্রাস নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেছিলেন, ‘আমরা চেষ্টা করছিলাম শুল্কহার আরও কতটা কমানো যায়। আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

এর আগে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ঘিরে বাংলাদেশকে দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২ এপ্রিল ১০০টি দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। সে সময় বাংলাদেশের জন্য শুল্কহার নির্ধারণ করা হয় ৩৭ শতাংশ।

পরবর্তীতে শুল্ক কার্যকর তিন মাসের জন্য স্থগিত করা হয়। এর পর ২০২৫ সালের ৭ জুলাই বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার ৩৭ থেকে ৩৫ শতাংশে নামানোর ঘোষণা দেওয়া হয়।

দফায় দফায় দর-কষাকষির পর গত বছরের ২ আগস্ট শুল্কহার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়, যা ৭ আগস্ট থেকে কার্যকর হয়। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ ছিল। ফলে একপর্যায়ে মোট শুল্কের বোঝা দাঁড়িয়েছিল ৩৫ শতাংশে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন