বাইসাইকেল বিতরণকাণ্ডে উপজেলা জামায়াতের আমির সাময়িক বরখাস্ত, নতুন আমির আজিজুর রহমান মাস্টার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে অনিয়ম ও নেতিবাচক খবর প্রকাশের জেরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলামকে তিন মাসের জন্য দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে সাবেক শিক্ষক আজিজুর রহমান মাস্টারকে নতুন ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) কোটচাঁদপুর শহরের দুধসর সরকস্থ আলফালা সেন্টারে এক রুকন সম্মেলনে জেলা আমির ও সংসদ সদস্য (এমপি) আলী আজম মোহাম্মদ আবু বকর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, রুকন সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম। তবে জুমার নামাজের বিরতির পর দ্বিতীয় অধিবেশনে তিনি অনুপস্থিত থাকেন। তাঁর অনুপস্থিতিতেই জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বকর তদন্ত ও সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে তাজুল ইসলামকে ৩ মাসের জন্য সাময়িক বরখাস্তের ঘোষণা দেন।

খবরের সত্যতা নিশ্চিত নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা আমির আজিজুর রহমান জানান, সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে সাবেক আমিরের বিরুদ্ধে গণমাধ্যমে নেতিবাচক খবর প্রচারিত হওয়ায় দলের ভাবমূর্তি রক্ষায় প্রাথমিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কোটচাঁদপুরে সরকারিভাবে বাইসাইকেল বিতরণে স্বেচ্ছাচারিতার আশ্রয় নেওয়া হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসলে জেলা জামায়াত এই সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে জামায়াত নেতা মোয়াবিয়া, শরিফুল ইসলাম ও আব্দুর রাজ্জাকসহ প্রায় দুই শতাধিক রুকন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর