মাধবপাশা, বাবুগঞ্জ (বরিশাল), ১২ জানুয়ারি ২০২৬:
বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট জয়নুল আবেদীন বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি এদেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার ও ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর যারা ক্ষমতায় বসে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, তারা ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবে। বিএনপি কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না। আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে ধৈর্য, শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে মাঠে সক্রিয় থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স, জেলা যুবদলের সদস্য সচিব এইচ এম তসলিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরাম। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
