বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা শুরু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম

পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে ইসলামি বইমেলা। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এই মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, এটি এমন একটি বইমেলা যেখান থেকে আমরা কোরআন-হাদিস সম্পর্কে জানতে পারবো। এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য।

মন্ত্রী আরও বলেন, যারা ইসলামের নামে ধর্মব্যবসা করছে, তাদের কোনো জায়গা দেওয়া হবে না। ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তবে অতীতে যারা অন্যায়, অবিচার ও জুলুম করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক রাজ্জাকুল হায়দার জানান, রমজান মাসজুড়ে চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট ১০০টি স্টল স্থান পেয়েছে।

মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থ, ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং মুক্তিযুদ্ধবিষয়ক বই পাওয়া যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বই ৪০ শতাংশ কমিশনে বিক্রি হচ্ছে। অন্যান্য প্রকাশনা সংস্থার স্টলেও রমজান উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর