পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় আয়োজিত এ জামাতে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ভোর থেকেই মুসল্লিরা জাতীয় মসজিদে আসতে শুরু করেন। জামাত শুরুর আগেই মসজিদের ভেতর ও আশপাশের এলাকা মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। নানা বয়সী মানুষ ঈদের নামাজ আদায়ে অংশ নেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
জানা গেছে, প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।
ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
