বার্সেলোনার সাথে ২০৩০ পর্যন্ত চুক্তি নবায়ন করলেন রাফিনহা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে বার্সেলোনা। ২৯ বছর বয়সী এই তারকার পূর্ববর্তী চুক্তির আরও দুই বছর বাকি ছিল। তবে চলতি মৌসুমে দুর্দান্ত সূচনার পর বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা কোনো সুযোগ না নিয়ে দ্রুতই তাকে নতুন চুক্তিতে বেঁধে ফেলার উদ্যোগ নেয়।

নতুন পজিশন ‘নাম্বার নাইন’ (স্ট্রাইকার) হিসেবে নিজেকে গুছিয়ে নেওয়ার পর থেকে এ পর্যন্ত মাত্র ১৩ ম্যাচে ১৯টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। গত মঙ্গলবার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারানোর দিনেও জোড়া গোল পান তিনি।

চুক্তি স্বাক্ষর শেষে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাফিনহা বলেন, আশা করি আরও বহু বছর এখানে থাকতে পারব এবং শরীর সঙ্গ দিলে নিজের সেরাটা দিয়ে যেতে পারব। আমি এই ক্লাবের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিই।

গত ট্রান্সফার উইন্ডোতে আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ব্যর্থ হয়েছিল বার্সা। সেই পরিস্থিতিতে বাধ্য হয়েই দলের অভ্যন্তরীণ খেলোয়াড়দের দিয়েই সমাধান খুঁজতে হয় কোচ হান্সি ফ্লিককে।

বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে প্রধানত উইঙ্গার হিসেবে খেলে আসছিলেন রাফিনহা। তবে স্ট্রাইকার হিসেবে নতুন ভূমিকায় তিনি যেন নতুন করে নিজেকে চিনিয়েছেন এবং অভাবনীয় সাফল্য পাচ্ছেন।

নিজের পরিবর্তন নিয়ে রাফিনহা বলেন, আমি পজিশন বদলেছি এবং সবার জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমার কাছে যা চাওয়া হয়, তার সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি। আমি এই ভূমিকাটা উপভোগ করছি, আর দলে থাকা চমৎকার সব মানের খেলোয়াড়দের কারণে কাজটা আরও সহজ হয়ে গেছে।

তিনি আরও যোগ করেন, আমি দারুণ ছন্দে আছি, তবে এখনও নিজের শতভাগ অর্জন করতে পারিনি। আমি নিজের শারীরিক পরিচর্যা নিয়মিত করি, তাই ভক্তদের চিন্তার কিছু নেই। নিজের সেরা ফর্মে থাকার জন্য যা কিছু করা সম্ভব, তার সবই আমি করছি।

নিজের লক্ষ্য পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এখনও একটি ট্রফি জেতা বাকি রয়েছে আমার (চ্যাম্পিয়ন্স লিগ), তবে এখন থেকে ২০৩০ সালের মধ্যে বার্সার জার্সিতে যত বেশি সম্ভব শিরোপা জিততে চাই আমি।

উল্লেখ্য, গত মৌসুমের লা লিগা শিরোপা ধরে রাখার মিশনে এবারও বেশ দাপট দেখাচ্ছে বার্সেলোনা। ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কাতালান ক্লাবটি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন