গত ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার থেকে বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুপুরের খাবার বিতরণের এক মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণ ও একটি ক্ষুধামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়।
এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং পিপলস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও)-এর যৌথ আয়োজনে এই কর্মসূচিটি বাস্তবায়ন করছে বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। পুরো উদ্যোগটির সফল বাস্তবায়নে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম। মূলত তাঁর সুযোগ্য দিকনির্দেশনা এবং নিরলস প্রচেষ্টায় এই কার্যক্রমটি সফলতার মুখ দেখেছে। পাশাপাশি, প্রতিষ্ঠানের অন্য শিক্ষকরাও নিজ নিজ জায়গা থেকে এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে সাধ্যমতো সহায়তা করে যাচ্ছেন।
বিনামূল্যে দুপুরের খাবার পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। এর প্রত্যক্ষ ফলস্বরূপ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীবান্ধব এই ইতিবাচক কার্যক্রমটি শুধু প্রতিষ্ঠানের ভেতরেই নয়, বরং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
এই মহতী উদ্যোগের বিষয়ে অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের একটি ক্ষুধামুক্ত শিক্ষাপরিবেশ উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম ভিশন ‘মিড-ডে মিল’ কর্মসূচির সফল বাস্তবায়ন এবং জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবেই আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি। মেধা ও মননের বিকাশে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই, আর তাই শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই প্রচেষ্টা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
