রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) বাসের ফিটনেস ও পরিবেশ দূষণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, বিআরটিসির প্রতিটি বাস থেকেই কালো ধোঁয়া বের হয়, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিআরটিএ আয়োজিত এই অনুষ্ঠানটি মূলত চালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং শব্দদূষণ রোধে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত হয়।
পরিবেশ উপদেষ্টা তাঁর বক্তব্যে বিআরটিসির রক্ষণাবেক্ষণ ব্যবস্থার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বিআরটিসির যত বাস আছে, সবকটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়। আমি এটি চ্যালেঞ্জ করে গেলাম। এই দূষণ কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না? আমরা পুরোনো বাসগুলোকে আজই সরে যেতে বলছি না, কিন্তু অন্তত সঠিক মেইনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ তো করা সম্ভব।
যানবাহন স্ক্র্যাপ পলিসি (পুরোনো যানবাহন ধ্বংস করার নীতিমালা) নিয়ে বিলম্ব হওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি আরও বলেন, দেশ স্বাধীনের ৫৪ বছর পার হওয়ার পরও যদি লক্কড়-ঝক্কড় গাড়ি সরানোর জন্য আরও সময়ের প্রয়োজন হয়, তবে সেটি দুঃখজনক।
অনুষ্ঠানে হর্ন বাজানো এবং শব্দদূষণ নিয়ে চালকদের সতর্ক করেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অপ্রয়োজনীয় হর্ন বাজানো ক্ষমতার প্রতীক নয়, বরং এটি মানুষের কষ্টের কারণ। হর্ন বাজানো বন্ধ করলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির গতি নিয়ন্ত্রণে আসবে এবং সড়ক দুর্ঘটনাও অনেকাংশে কমে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।
