বিএনপির সঙ্গে সমন্বয় করে হবে খালেদা জিয়ার জানাজা-দাফন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনকার্যক্রম তার দলের সঙ্গে সমন্বয় করে করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা-দাফন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনে আনা হবে তার মরদেহ। এ সময় রাস্তার দু’পাশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় আনা হবে। জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের অন্যান্য উপদেষ্টা, বিএনপি নেতা ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন। সংসদ ভবন, বাংলাদেশের দূতাবাস এবং বিএনপির দলীয় কার্যালয়ে শোকবই খোলা হবে।

জানাজা ও দাফন ঘিরে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে উল্লেখ করে প্রেস সচিব বলেন, ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। কিছু স্থানে সেনাবাহিনীর সদস্যও মোতায়েন থাকবে।

অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে এভারকেয়ার থেকে সংসদ ভবন পর্যন্ত নেওয়ার সময় পুরো রাস্তায় তাকে শ্রদ্ধা জানানো যাবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন