বিএনপি ও যুবদল নেতার আধিপত্য নিয়ে দ্বন্দ্বে বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৫, ০৬:০৩ এএম

ঝিনাইদহ সদরে বিএনপি ও যুবদল নেতার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের সাবেক যুবদল নেতা আব্দুল কাদের ও জেলা বিএনপির সহ-সভাপতি সুবিদ আলীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সোমবার দুপুরে আব্দুল কাদেরের বাড়িতে স্থানীয় বিএনপির নেতা তৌফিকুর রহমান, শফিকুল ইসলাম ও ইদ্রিস আলী দাওয়াত খেতে যান।

এ নিয়ে সন্ধ্যায় ঘোড়শাল বাজারে সুবিদ আলীর লোকজন তাদের ওপর চড়াও হন। এসময় উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে রাতে সুবিদ আলীর লোকজন আব্দুল কাদেরের সমর্থকদের বাড়িতে হামলা চালান। এসময় আব্দুল কাদের, শাহাবুদ্দিন, মিজানুর রহমান, শরিফুল ইসলাম, জিয়া উদ্দিন, আব্দুর রশিদ, আমিরুল ইসলামসহ আরও কয়েকজনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় সুবিদ আলী ও আব্দুল কাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত ৯টার দিকে ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর