বিগত সময়ে টেন্ডারে অনিয়মের সব অভিযোগ তদন্ত হবে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সিটি করপোরেশনের চলমান সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে। বিগত সময়ে টেন্ডার প্রক্রিয়ায় কোনও অনিয়ম হয়েছে কি না, সেটি যাচাই-বাছাই করা হবে এবং সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত করা হবে।

আজ বৃহস্পতিবার উত্তরার ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল ১, ৬, ৭ ও ৮-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

শফিকুল ইসলাম খান, শুধু মশার ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে না। কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণের জন্য সামাজিক সচেতনতা ও মনিটরিং বৃদ্ধি করতে হবে। এ সময় প্রশাসক মশককর্মীদের সময়মতো ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

প্রশাসক আরও বলেন, অবৈধভাবে সিটি করপোরেশনে আর কোনও কাজ হবে না। আমি এখানে কাজ করতে এসেছি। জনগণ যেন দেখে, আমরা শহরের জন্য কাজ করার চেষ্টা করছি।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ কাজে মনোযোগী হতে হবে। সবাইকে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যে কোনও সময়ে আমাকে কাছে পাবেন। আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা এসেছি জনগণের সেবা করার জন্য। আমাদের সাধ্যানুযায়ী এলাকার উন্নয়নে কাজ করব। নতুন ওয়ার্ডগুলোতে বিগত সময়ে দৃশ্যমান কোনও উন্নয়ন হয়নি।

তিনি দক্ষিণখানে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান এবং উত্তরখানে সিটি কর্পোরেশনের অফিস স্থাপনের জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, উত্তরখানের মানুষকে সেবা নিতে উত্তরা আসাটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর