বিদেশিদের অন অ্যারাইভাল ভিসায় বড় পরিবর্তন!

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:০৫ এএম

সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে অন অ্যারাইভাল ভিসাসহ অন্যান্য ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি করেছে।

সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে-

  • বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ ও পরবর্তীতে জারিকৃত অন্যান্য প্রজ্ঞাপনের শর্তাবলী যথাযথভাবে অনুসরণ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন বা দূতাবাস থেকে সুনির্দিষ্ট ভিসা প্রদান করতে হবে।
  • ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারিকৃত পরিপত্রের শর্তাবলী অনুসরণের পর বিনা ভিসায় আগত বিদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দিতে হবে।
  • অন অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি, হোটেল বা আবাসস্থল, ফিরতি টিকিট ইত্যাদির কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সন্তুষ্ট হতে হবে। কোনো অনিয়ম বা সন্দেহের ক্ষেত্রে ভিসা দেওয়া যাবে না।
  • বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।
  • নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রযোজ্য ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ পর্যবেক্ষণের জন্য আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ‌‘নির্বাচন পর্যবেক্ষণ’ লেখা সিলসহ অন অ্যারাইভাল ভিসা দিতে হবে।
  • নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করে অন অ্যারাইভাল ভিসা দেওয়া যাবে।
  • বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান, আগমন ও প্রস্থানের সময় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।
  • বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্য প্রতিদিন এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট ইমেইলে পাঠাতে হবে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর