বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

জাতীয় সংসদ ভবনে আজ (১৭ ফেব্রুয়ারি) জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎগুলো অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় বিরোধী দল গঠনমূলক ও ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

সৌজন্য সাক্ষাৎকারী প্রতিনিধিদের মধ্যে ছিলেন, শেরিং টোবগে, প্রধানমন্ত্রী, ভুটান। সীমা মালহোত্রা, ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী, যুক্তরাজ্য। বিক্রম মিশ্রি, পররাষ্ট্র বিষয়ক সচিব, ভারত। এ. বেরিস একিনচি, উপ-পররাষ্ট্রমন্ত্রী, তুরস্ক। আহসান ইকবাল চৌধুরী, পরিকল্পনামন্ত্রী, পাকিস্তান। বালা নন্দ শর্মা, পররাষ্ট্রমন্ত্রী, নেপাল।

বাংলাদেশ সফররত এসব প্রতিনিধি দল পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন