লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে বিয়ের অঙ্গীকার করে তা অস্বীকার করার অভিযোগ উঠেছে এক সেনা সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত যুবকের বাড়িতে গত ৬ মার্চ থেকে চার দিন ধরে অনশন করছেন ওই তরুণী।
অভিযোগ অনুযায়ী, সিংগাদ্বার এলাকার বাসিন্দা মোঃ মঞ্জুরুল ইসলাম (২২) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক এবং বর্তমানে বগুড়া সেনানিবাসে ৯ বীর মেকানাইজড ব্যাটালিয়নে কর্মরত। অপরদিকে হারাটি ইউনিয়নের পশ্চিম আমবাড়ী গ্রামের বাসিন্দা মোছাঃ মোনালিসা খাতুন (১৮)।
মেয়ের পরিবারের দাবি,গত ডিসেম্বর মাসে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে একটি লিখিত অঙ্গীকারনামা করা হয়েছিল। সেখানে সেনাবাহিনীর অনুমতি পাওয়ার পর বিয়ে সম্পন্ন করার কথা উল্লেখ ছিল এবং দেনমোহর নির্ধারণ করা হয় ৫ লাখ ১ টাকা। তবে বর্তমানে মঞ্জুরুল ইসলাম বিষয়টি অস্বীকার করছেন বলে অভিযোগ।
এ ঘটনার প্রতিবাদে মোনালিসা খাতুন চার দিন ধরে অভিযুক্তের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন।পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি লিখিত অভিযোগ ও দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি ফোনে জানান দুই পরিবারে মাঝে বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য আলোচনা চলছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
